নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই নুর হোসেন জইটাকে (৬০) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার সন্তানদের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিল্লী ইউনিয়নের বোবার মোড় এলাকার মৃত হুইটা আলীর বড় ছেলে নুর হোসেন জইটার সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন এবং আবুল হোসেনের দুই ছেলে সোহেল হোসেন ও রতন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। পূর্বশত্রুতার জের ধরে শনিবার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ও তার দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে নুর হোসেনকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। হামলায় মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীরা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন।
তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা জানান, “জমি নিয়ে ওই পরিবারটির মধ্যে প্রায়ই ঝামেলা হতো। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও আবুল হোসেন ও তার ছেলেরা বাড়ি ফিরে সালিশের সিদ্ধান্ত মানতেন না। আজ সকালে আবারও একই বিষয় নিয়ে ঝগড়া হলে নুর হোসেনকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রতিবেশীরা আমাকে নিশ্চিত করেছেন।”
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”