মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড/ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন- উল- হাসান, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, এ্যাডডা বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার ম্যানেজার ভিটা বড়ুয়া প্রমুখ।
কর্মসূচির শুরুতেই একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং তাৎক্ষণিক উদ্ধার অভিযান বিষয়ে একটি জীবন রক্ষাকারী মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায় থেকে প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করা গেলে যেকোনো দুর্যোগ সহনশীলতার সাথে মোকাবেলা করা সম্ভব।