মোঃ শাহ আলম , স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ আবু সাঈদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রুবেল (২৪) নামে আরও এক ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে আবু সাঈদ ফকিরের নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় আবু সাঈদ ফকিরকে গ্রেপ্তার করা হলেও একই গ্রামের বাসিন্দা রুবেল (২৪) পলাতক রয়েছেন।
গ্রেপ্তার আবু সাঈদ ফকির জয়মণ্ডপ গ্রামের মৃত পরান ফকির ও নাছিমা বেগমের ছেলে। অপরদিকে, পলাতক রুবেল একই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।