মোঃ শাহ আলম, নিজস্ব প্রতিবেদক
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সঙ্গে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস দল।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নদী থেকে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল যমুনা নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার করা মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, “মা ইলিশ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিলে দেশে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশের ন্যায় দৌলতপুরের নদীগুলোতেও সর্বপ্রকার ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।