নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, ধর্মীয় আবহ ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হরগজ, ধানকোড়া, ফুকুরহাটি ও বালিয়াটি ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন,সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট রয়েছি। এখন পর্যন্ত উপজেলার প্রতিটি মণ্ডপের পরিবেশ ও প্রশাসনিক প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক।
তিনি আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও যেকোনো জরুরি সহায়তায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় ভলান্টিয়ার টিম একযোগে মাঠে কাজ করছে। আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাটুরিয়ায় এবারের দুর্গোৎসব সমাপ্ত হবে।
এই সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম , অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মো. লুৎফর রহমান এবং স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সরেজমিন পর্যবেক্ষণ শেষে উপজেলা প্রশাসন জানায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিময় ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের নিবিড় তদারকি অব্যাহত থাকবে।