নিজস্ব প্রতিবেদক, রূপক টিভি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের (৩৬ বিএন) অধিনায়ক ও পরিচালক সারোয়ার জাহান চৌধুরী।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে উপজেলার সাটুরিয়া ও বালিয়াটি ইউনিয়নের দুর্গাপূজামণ্ডপসমূহ সরেজমিনে ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সারোয়ার জাহান চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্য এবং ব্যাটালিয়ন সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স।
পরিদর্শনকালে অধিনায়কের সাথে ছিলেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের (৩৬ বিএন) উপপরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং কোম্পানি কমান্ডার (বিভিএমএস) মোঃ জাকির হোসেন। পরিদর্শন ও নিরাপত্তা তদারকির সার্বিক সহযোগিতায় ছিলেন সাটুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার।
এ সময় আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে এলাকায় মোতায়েন থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শন শেষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।