সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় উর্বর কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোহাম্মদ ইসলাম কারিগরের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আবু সালামের ছেলে জাহিদুল ইসলাম (২১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স হাজী ব্রিকস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু চক্র অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে বিক্রি করে আসছিল। এতে আশপাশের কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ে। খবর পেয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে সেখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে কৃষিজমি বিনষ্ট ও অবৈধভাবে মাটি তোলার অপরাধে হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম জানান, কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। কোনোভাবেই উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি কাটতে দেওয়া হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।